ইসি কার্যালয় ঘেরাওয়ের হুমকি বিএনপি প্রার্থী জাহাঙ্গীরের

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ০০:৩৫

নির্বাচন কমিশনকে উদ্দেশ করে ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, ‘আপনারা একচোখা হবেন না। আমরা যেখানে প্রোগ্রাম দেই প্রশাসনকে জানিয়ে দিই। আওয়ামী লীগ এখানে প্রোগ্রাম দেয়। নির্বাচন কমিশন তালবাহানা করলে আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব।’

গতকাল সোমবার উত্তরার ১০ ও ১১ নম্বর সেক্টরে গণসংযোগ শেষে তিনি এ কথা বলেন। এস এম জাহাঙ্গীর বলেন, ৫০ নম্বর ওয়ার্ডে আমাদের পূর্বনির্ধারিত গণসংযোগ ছিল। আওয়ামী লীগের লোকজন সেখানে ধানের শিষের নেতাকর্মীদের ওপর হামলা করছে। আমরা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি একটা কথা বলতে চাই, হামলা করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। আমাদের নেতাকর্মীদের জনগণকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যেতে হবে। বিএনপি প্রার্থী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান নির্দেশ দিয়েছেন, ‘আমরা মাঠে আছি, মাঠে থাকব।  জয় নিয়ে ইনশাআল্লাহ ঘরে ফিরব। বিএনপি প্রার্থীর সঙ্গে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. রফিকুল ইসলাম, নাজিম উদ্দিন আলম, হায়দার আলী লেলিন, ঢাকা মহানগর বিএনপি নেতা মুন্সি বজলুল বাসিদ আনজু, মহিলা দলের পিয়ারা মোস্তফা, যুবদল ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র সহসভাপতি মোস্তফা কামালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।