ট্রাম্প মনোনীত অ্যামি কোনি ব্যারেটই সুপ্রিম কোর্টের বিচারক

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ০০:৩৮

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত বিচারক অ্যামি কোনি ব্যারেটই সুপ্রিম কোর্টে নিয়োগ পাচ্ছেন। স্থানীয় সময় গতকাল সোমবারই তার নিয়োগ চূড়ান্ত হওয়ার কথা। সোমবার কংগ্রেসের উচ্চকক্ষে সিনেটে বিতর্ক শুরু হয়। রিপাবলিকান নিয়ন্ত্রিত হওয়ায় সিনেটে তার নিয়োগ চূড়ান্ত বলেই মনে করা হচ্ছে। খবর সিএনএনের

প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় এক সপ্তাহ আগে রক্ষণশীল এই বিচারকের নিয়োগ প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটা বিজয় বলে ধারণা করা হচ্ছে। সিনেটে নিয়োগ চূড়ান্ত হওয়ার পর সোমবার বিকেলেই হোয়াইট হাউজে ব্যারেটকে শপথ বাক্য পাঠ করাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। সংশ্লিষ্ট একটি সূত্রে এই তথ্য জানা গেছে। গত ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সবচেয়ে বয়স্ক বিচারপতি রুথ বেডার গিন্সবার্গের মৃত্যু হয়। উদারপন্থি এই বিচারকের মৃত্যুর এক সপ্তাহের মাথায় তার স্থলে ব্যারেটকে মনোনয়ন দেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে আইনের আওতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে রুল জারির ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের মতাদর্শিক ভারসাম্য খুব জরুরি। সর্বোচ্চ মার্কিন আদালত সুপ্রিম কোর্ট একজন প্রধান বিচারপতি ও আটজন বিচারপতি নিয়ে গঠিত হয়। প্রেসিডেন্ট মনোনীত বিচারপতিদের নিয়োগ দেয় সিনেট। একবার নিয়োগ দেওয়ার পর পদত্যাগ, অবসর বা অভিশংসন ছাড়া ওই বিচারপতিরা আমৃত্যু দায়িত্ব পালন করতে পারেন। ফলে ৪৮ বছর বয়সী ব্যারেট কয়েক দশক বিচারক হিসাবে দায়িত্ব পালনের সুযোগ পাবেন। ট্রাম্প তার শাসন মেয়াদে দুইজন বিচারপতিকে নিয়োগ দিতে পেরেছেন। গিন্সবার্গের মৃত্যুর পর তৃতীয় বিচারপতিকে নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে তার। ফলে আগামী কয়েক দশক ধরে আইনগত নানা বিষয়ের সমাধান পক্ষে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে তাদের। তবে এর বিরোধিতা করছে বিরোধী ডেমোক্র্যাট শিবির।