সতর্কতা জারি করেছে ফ্রান্স

ফ্রান্সের অর্ধশত ওয়েবসাইটে ‘সাইবার ৭১’-এর হামলা

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ০০:৫৬

মহানবি হজরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ফ্রান্সের কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করেছে ‘সাইবার ৭১’ নামে বাংলাদেশি হ্যাকার কমিউনিটি। গত শনিবার মধ্যরাত থেকে গতকাল সোমবার পর্যন্ত ৪০-৫০টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ওয়েবসাইটে আক্রমণ করা হয়েছে। এসব ওয়েবসাইট হ্যাক করে লেখা হয়েছে ‘মহানবি (সা.)কে নিয়ে প্রকাশ্যে কটূক্তির প্রতিবাদে এই অপারেশন চালিয়েছে মুসলমান হ্যাকাররা। এছাড়া ফ্রান্সের সাইবার স্পেসে খুব বিপজ্জনক হামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাওয়া হবে না, এই রকম হামলা চলতেই থাকবে।’

এদিকে ফরাসি ওয়েবসাইট হ্যাকিংয়ের ঘটনায় সাইবার সিকিউরিটি অ্যালার্ট জারি করেছে ফ্রান্স। ফ্রান্সের সাইবার হামলা ও হুমকির ভুক্তভোগীদের সহযোগিতার জন্য গঠিত সাইবার ম্যালভেইলেন্স নামের সংস্থা গতকাল এক টুইটারে এই সতর্কতা জারি করে।

‘সাইবার ৭১’ নামের একটি ফেসবুক পেজে তাদের হ্যাক করা ওয়েবসাইটগুলোর লিংক পোস্ট করে হ্যাকররা দাবি করেছে, যে দেশে আমাদের রাসুল (সা.)কে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে, সেই দেশের ওয়েবসাইটেই বাজছে এখন রাসুলের সম্মানে সংগীত। সম্মিলিত সাইবার আক্রমণে ফ্রান্সের কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কোম্পানির ওয়েবসাইটে আক্রমণ পরিচালনা করেছে তারা। ফ্র্যান্সের এই ন্যক্কারজনক কাজের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত ‘সাইবার ৭১’ সম্মিলিত এই আক্রমণ চালাতেই থাকবে। সবার আক্রমণই আমরা আপনাদের জন্য আপডেট করতে থাকব।

সাইবার ৭১ হ্যাকিং কমিউনিটির সদস্যরা বলেছেন, ‘এখন পর্যন্ত ৪০-৫০টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ওয়েবসাইটে আক্রমণ করা হয়েছে। তবে সবগুলো এখনো আমরা প্রকাশ করিনি। সর্বশেষ মোট আটটি ওয়েবসাইট প্রকাশ করেছি আমাদের অফিশিয়াল পেজে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবি হজরত মোহাম্মদ (স.)কে অবমাননা করার প্রতিবাদে এই সাইবার আক্রমণ করা হয়েছে। আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট টার্গেটে রেখেছি, সেগুলোতেও হামলা করা হবে।’

এদিকে গতকাল টুইট করা ফ্রান্সের সাইবারম্যালভেইলেন্সের সতর্কতায় বলা হয়েছে, রবিবার সন্ধ্যা থেকে অনেক ফরাসি ওয়েবসাইটে সাইবার হামলা চলছে। হ্যাকিংয়ের শিকার হওয়া ওয়েবসাইটগুলোর জন্য করণীয় ও পরামর্শের একটি লেখার লিংক যুক্ত করা হয়েছে।

ফরাসি সংস্থা এই হ্যাকিংয়ের ঘটনাগুলোকে বিকৃতকরণ সাইবার অ্যাটাক বলে আখ্যায়িত করেছে। দেশটির জাতীয় তথ্য নিরাপত্তাব্যবস্থা সংস্থার মতে, এ ধরনের হ্যাকিংয়ের কোনো একটি ওয়েবপেজে পুরোনো তথ্য মুছে ফেলা বা তাতে নতুন কিছু যুক্ত করা হয় কোনো দাবি তুলে ধরে।

ফরাসি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সাইবার হামলার ঘটনায় সরকার অবিলম্বে আক্রান্ত কম্পিউটার বন্ধ এবং প্রমাণাদি ও হার্ড ড্রাইভ রেখে দেওয়ার জন্য যাতে তদন্ত কাজে লাগে। স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করারও আহ্বান জানানো হয়েছে।