পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৭:৪০

কক্সবাজরের পেকুয়ায় উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে গুরুতর আহত হন জামাল হোছাইন (৪৩) নামের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা। রবিবার দুুপুর ১টার দিকে পেকুয়া চৌমুহী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তিনি সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিহত জামাল হোছাইন বারবাকিয়া ইউনিয়নের রাহাত আলী পাড়ার আহমদ মিয়ার ছেলে ও স্থানীয় সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পরিবারের লোকজন জানান, উপজেলার পেকুয়া চৌমুহনী স্টেশন এলাকায় রবিবার দুপুরের দিকে এয়ার মোহাম্মদের মালিকানাধীন মার্কেটের ছাদে নিহত জামাল হোসেনসহ দুই ব্যক্তি উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য এক চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেমের নির্বাচনী ব্যানার টাঙাতে যায়। ব্যানার টাঙানোর সময় জামাল হোসেন হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় বিদ্যুৎস্পৃষ্টে তার শরীরের বিভিন্ন অংশে ঝলসে যায়।

খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানেও অবস্থার অবনতি দেখা গেলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সোমবার ভোর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুনঃ সিরাজগঞ্জে শ্রমিকের মরদেহ উদ্ধার

পেকুয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কাসেম জামাল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ইত্তেফাক/নূহু