মহানবী মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিজনক কার্টুন ও সন্ত্রাসের সঙ্গে ইসলামকে জড়ানোর যে কোনো উদ্যোগের নিন্দা করেছে সৌদি আরব। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার দেওয়া এ বিষয়ক বিবৃতিটি দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম প্রকাশ করেছে। এতে অন্যান্য কয়েকটি মুসলিম দেশের মতো ফ্রান্সের পণ্য বর্জনের ডাক দেওয়া হয়নি বলে জানিয়েছ বার্তা সংস্থা রয়টার্স। ফ্রান্সে ইতিহাসের এক শিক্ষক ক্লাসে মহানবী মুহাম্মদ (সা.)-এর কার্টুন দেখানোর কারণে হত্যাকাণ্ডের শিকার হওয়ার ঘটনায় ফ্রান্সজুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়। এর প্রতিক্রিয়ায় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মৌলবাদী ইসলামের বিপরীতে দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সমুন্নত রাখা নিয়ে দৃঢ়কণ্ঠে কথা বলেন। ‘ফ্রান্স ব্যঙ্গচিত্র দেখানো বন্ধ করবে না’ বলেও জানান তিনি। তার এসব মন্তব্যে বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। ইসলামিক ঐতিহ্যে মহানবী (সাঃ) ও আল্লাহর কোনো ছবি প্রদর্শন স্পষ্টভাবে নিষিদ্ধ।
