আতঙ্কে যমুনাপাড়ের মানুষ
সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা
যমুনার ভাঙন থেকে জনপদ রক্ষায় নির্মিত তীর সংরক্ষণ বাঁধের (রিভেটমেন্ট) বিভিন্ন অংশ ধসে গেছে। এতে আতঙ্ক ও উত্কণ্ঠায় দিন কাটাচ্ছে নদীতীরবর্তী গ্রামের কয়েক হাজার মানুষ। বন্যার পানি নেমে যাওয়ার পর ইছামারা, কামালপুর, টিটুর মোড় ও রৌহাদহ পয়েন্টে গত এক সপ্তাহে তীর সংরক্ষণ বাঁধের প্রায় ৪০০ মিটার অংশ ধসে গেছে। তাছাড়া ঐ পয়েন্টে তীর সংরক্ষণ বাঁধের ওয়াকওয়ের পাশে বড় বড় খাদের সৃষ্টি হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার সময় খাদে পানি জমে বাঁধ ক্রমশ দুর্বল ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো সময় ঐ পয়েন্টগুলোও ধসে যাওয়ার আশঙ্কা করছে নদীপাড়ের ভুক্তভোগী মানুষ।
উপজেলার কামালপুর ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম জানান, জরুরি ভিত্তিতে মেরামত না করলে ঐ ধসে যাওয়া অংশ দিয়ে নতুন করে খাল সৃষ্টি হবে। আর এতে নবনির্মিত বন্যানিয়ন্ত্রণ বাঁধ, হাওরাখালী ও ফকিরপাড়া গ্রাম ভাঙনের মুখে পড়বে।
সংসদ সদস্য সাহাদারা মান্নান বলেন, ‘খবর পেয়ে এলাকা পরিদর্শন করেছি। বন্যা দীর্ঘায়িত হওয়ার কারণে তীররক্ষা বাঁধ ধসে যাচ্ছে। তবে দ্রুত ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, ধস ঠেকাতে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। ডিজাইন ডেটা বোর্ডে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পাওয়া গেলে শুষ্ক মৌসুমে সংস্কারকাজ করা হবে। উল্লেখ্য, ভাঙন থেকে জনপদ রক্ষায় পরিকল্পনা গ্রহণ করে সরকার। সে অনুযায়ী প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে ইছামারা থেকে মথুরাপাড়া পর্যন্ত আট কিলোমিটার যমুনার তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করে পানি উন্নয়ন বোর্ড।
