নদীভাঙনে সড়ক বিলীন
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
এবারের বর্ষায় আড়িয়াল খাঁ নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা গ্রামের একটি সড়কের কিছু অংশ। রাস্তা না থাকায় এখন সাধারণ মানুষ সাইকেল, মোটরসাইকেল নিয়ে অন্যের বাড়ির উঠান দিয়েই চলাচল করছে। এতে বিপাকে পড়েছেন বাড়ির মালিকেরা। ভুগছেন নিরাপত্তাহীনতায়।
সরেজমিন জানা যায়, উপজেলার জালালপুর এবং লোহাজুরী ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ রাস্তাটি এবারের বর্ষা মৌসুমে ভাঙনের ফলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রাস্তা না থাকায় দুই এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ সর্বসাধারণ স্থানীয় কয়েকটি বাড়ির উঠান দিয়ে সাইকেল, মোটরসাইকেল, গরু-ছাগল নিয়ে চলাচল করছে। বাড়ির মালিক তাজুল ইসলাম জানান, উঠান দিয়ে দিনরাত মানুষ চলাচল করে। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত রাস্তা পুনর্নির্মাণের কাজ শুরু না হলে আমার বাড়ির আঙিনা দিয়ে সর্বসাধারণের চলাচল বন্ধ করে দেব। দশপাখি গ্রামের অহিদুজ্জামান (৬০) বলেন, বাড়ির উঠান দিয়ে যেতে না দিলে সাত কিলোমিটার রাস্তা ঘুরে বাড়ি যেতে হবে। তাই বাড়ির ভেতর দিয়েই যেতে হচ্ছে। লোহাজুরী ইউপি চেয়ারম্যান আতাহার উদ্দিন ভূঞা রতন বলেন, সর্বসাধারণের চলাচলের জন্য ৬০ ফুট বাঁশের বেড়া তৈরির কাজ চলছে। দ্রুতই সর্বসাধারণের চলাচলের ব্যবস্থা করে দেওয়া হবে। লোহাজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম বিএসসি বলেন, নদীর অপর পারে জেগে ওঠা চরের অংশ খনন করে ভাঙন ভরাট করে রাস্তা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান। উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান বলেন, অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাটি দ্রুত পুনর্নির্মাণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
