ভবন জরাজীর্ণ দুর্ঘটনার শঙ্কা

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২১:২৯

নাথেরপেটুয়া পোস্ট অফিস

আব্দুল গাফ্ফার সুমন, মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা

মনোহরগঞ্জের নাথেরপেটুয়া শাখা পোস্ট অফিসের কার্যক্রম চলছে ঝুঁকিপূর্ণ ভবনে। যে কোনো সময় ভবন  ধসে দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, সংস্কারের অভাবে খসে পড়ছে পোস্ট অফিস ভবনের ভেতর-বাইরের চার দেওয়ালের পলেস্তারা, ছাদ চুইয়ে পড়ছে বৃষ্টির পানি, বিভিন্ন স্থানে ধরেছে ফাটল, নষ্টপ্রায় ঘুণেধরা ও মরিচাপড়া দরজা, জানালা ও আসবাবপত্রের অবস্থাও একই। পোস্ট মাস্টার আমিনুল ইসলাম জানান, পোস্ট অফিস কক্ষের দরজা-জানালা অরক্ষিত থাকায় রাতে ডাকবিভাগের গুরুত্বপূর্ণ চিঠিপত্র, মানি অর্ডারসহ সব জরুরি ডাক চুরির আশঙ্কায় ও নিরাপত্তাজনিত কারণে বাসায় রাখতে হয়। এতে সীমাহীন দুর্ভোগ ও নানা রকম বিড়ম্বনায় পড়ার কথা জানিয়ে সরকারি সম্পদ রক্ষায় শিগিগরই ভবন নির্মাণের দাবি জানান তিনি। নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন জানান, ভবনটি অত্যন্ত জরাজীর্ণ। এমন জরাজীর্ণ ভবনে অফিসিয়াল কার্যক্রম চালানো নিয়ে তিনি নিজেও শঙ্কা প্রকাশ করেন। উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন বলেন, এ বিষয়ে তিনি অবগত নন। তবে সমস্যা সমাধানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামকে অবগত করার মাধ্যমে নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে শিগিগরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।