দখল হওয়া ২৫ একর বনভূমি উদ্ধার

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২১:৩১

ফুলছড়ি রেঞ্জ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের ফুলছড়িতে সামাজিক বনায়ন কেটে জবরদখল করা ১০ হেক্টর বন (প্রায় ২৫ একর) উদ্ধার করেছে বন বিভাগ। এসময় ১০ হেক্টরের মধ্যে চার হেক্টরে গড়ে তোলা কয়েকটি কাঁচা ঘরও উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত উত্তর বন বিভাগের চালানো অভিযানে এসব বনভূমি জবরদখল মুক্ত হয়েছে বলে জানিয়েছেন উত্তর বন বিভাগের বিশেষ টহল টিমের ইনচার্জ এ কে এম আতা এলাহী। বন কর্মকর্তা আতা এলাহী জানান, কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের ফুলছড়ি বিটের ২০১৮-১৯ সালের স্বল্প মেয়াদি ১০ হেক্টর বাগানের ৪ হেক্টরের গাছ কেটে অবৈধভাবে ঘর তোলে দখলবাজরা। এর আগে স্থানীয় বিট ও রেঞ্জ অফিস কয়েকবার অভিযান চালালেও আবারও দখল হয়ে যায় সেসব জায়গা।

সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. সোহেল রানা জানান, অভিযানের পর দখলদার হিসেবে বেশ কয়েক জনের নাম উঠে এসেছে। অভিযানকালে কাউকে স্পটে পাওয়া যায়নি। তাই নিরীহদের না জড়াতে অধিকতর তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন সময়ে আরো দখলদারের তালিকা আমাদের হাতে আছে। সে ব্যাপারে খতিয়ে দেখব।

বন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) তহিদুল ইসলাম বলেন, বন ও বনভূমি অবৈধ দখলদাররা প্রকৃতির শত্রু। অপরাধী বিবেচনায় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লোকবল সংকট থাকায় অনেক সময় ইচ্ছে থাকার পরও সময়মতো অভিযান চালানো যায় না। কিন্তু দখলে অভিযুক্ত এলাকাগুলোতে এখন থেকে কঠিন নজরদারি রেখে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হবে।