ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের দাসবেলাই গ্রামে হত্যা মামলার আসামি ও ইন্ধনদাতাদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার বিকালে চণ্ডিপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত পরিবারের আলফা খাতুন, আশরাফুল ইসলাম, মামলার বাদী রত্না খাতুন ও ইউপি চেয়ারম্যান আছাদুর রহমান। মানববন্ধনে বক্তারা বলেন, ঐ গ্রামের এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দাসবেলাই গ্রামের বখাটে মফিদুল ইসলাম (৩৮) ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বেল্লাল হাজিসহ কয়েকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সম্প্রতি একই গ্রামের গফুর আলীর বাড়িতে হামলা চালায়। এতে ঐ নারীর পরিবার ও স্বজনসহ ১৫ জন গুরুতর আহত হন। এদের মধ্যে তোরাপ আলী ও তার ছেলে ফজলুল হক নিহত হন। এ ব্যাপারে নিহত পরিবারের রত্না খাতুন ভাঙ্গুড়া থানায় মামলা দায়ের করেন। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, এ পর্যন্ত পাঁচ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত বেল্লাল হাজিসহ বাকিদের আটকের জন্য পুলিশ জোর তত্পরতা চালাচ্ছে।
