সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২১:৩২

ইত্তেফাক ডেস্ক

সাভারের আশুলিয়া ও কুমিল্লায় সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর

সাভার :মঙ্গলবার সাভারের আশুলিয়া পাঁচ শতাধিক পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার আমতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত্ মো. সায়েম। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণের এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

কুমিল্লা : জেলার বাখরাবাদ গ্যাসের অবৈধভাবে স্থাপনকৃত ১২ কিলোমিটার গ্যাসলাইন উত্তোলন করা হয়েছে। এ সময় পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জেলার মুরাদনগর উপজেলার চারটি ইউনিয়নে মঙ্গলবার দিনভর বাখরাবাদ গ্যাস ও পুলিশের টিম সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. গোলাম মোস্তফা এবং বাখরাবাদ গ্যাসের ব্যবস্থাপক (বিক্রয়) মো. জিয়াউল হক চৌধুরী জানান, পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় তিন জনকে জরিমানা করা হয়েছে।