সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২১:৩৪

কোটালীপাড়ায় পুড়ে গেছে চার দোকান

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়া উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় চার দোকান পুড়ে গেছে। মঙ্গলবার ভোরে উপজেলার নাগরা বাসস্ট্যান্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ নির্ণয়ের চেষ্টা চলছে। ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

মঠবাড়িয়ায় দুই বসতঘর ভস্মীভূত

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, মঠবাড়িয়ায় শহরের বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় সাবেক ইউপি সদস্য ও এক বিধবা নারীর বসতঘর আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার দুপুরে রান্নাঘরের বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয়দের ধারণা। মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুমন মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

নাটোরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

নাটোর প্রতিনিধি নাটোরে দুই সন্তানের জননী আনোয়ারা বেগম শিল্পীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী মইনুল ইসলাম মনির পলাতক রয়েছেন। সোমবার রাতে নাটোর সদর উপজেলার নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিল্পী একই এলাকার বাহার উদ্দিনের মেয়ে। স্থানীয়রা জানায়, মনিরের সঙ্গে তার স্ত্রীর প্রায়ই ঝগড়াবিবাদ হতো। সোমবার রাতে তাদের সন্তানদের চিত্কারে স্থানীয়রা ছুটে যান। সে সময় রক্তাক্ত অবস্থায় শিল্পীকে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পলাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে।

লোহাগাড়ায় জিপভর্তি কাঠ জব্দ

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা লোহাগাড়ায় জিপভর্তি চোরাইকৃত আকাশমনি গোল কাঠ জব্দ করেছে পদুয়া বনবিভাগ। মঙ্গলবার দুপুরে উপজেলার পুটিবিলার এমচর হাট এলাকা থেকে কাঠগুলো জব্দ করা হয়। পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, জিপে করে কাঠ পাচারের খবর পেয়ে অভিযান চালিয়ে চোরাইকৃত আকাশনি গোল কাঠ জব্দ করা হয়। তবে গাড়ির চালক পালিয়ে যায়। জব্দকৃত কাঠের মূল্য প্রায় ১ লাখ টাকা। এ ব্যাপারে বন মামলা দায়ের করা হয়েছে।

সিরাজগঞ্জে মাদকসহ আটক ২

সিরাজগঞ্জ প্রতিনিধি ও কামারখন্দ সংবাদদাতা  সিরাজগঞ্জে র্যাবের পৃথক অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ দুই জনকে আটক করা হয়েছে। র্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে জেলার সলঙ্গা থানাধীন সিরাজগঞ্জ রোড-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল জামাই ইঞ্জিনিয়ারিং ওয়েল্ডিং ওয়ার্কশপের পেছন থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ মো. বায়োজিদ (২০) নামে একজনকে আটক করা হয়। সে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রায়পুর গ্রামের মৃত কাওছার মোল্লার ছেলে। অপরদিকে জেলার কামারখন্দ থানাধীন চৈবারী বাজারের সোনালী ব্যাংকের পূর্ব পাশের গলি থেকে ২৯৬ পিস ইয়াবাসহ মো. নাঈম ইসলাম (২১) নামে অপর একজনকে আটক করা হয়। সে কামারখন্দ থানার চৈবারী গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা ও কামারখন্দ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে সলঙ্গা ও কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে। কামারখন্দ থানার ওসি রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ অটোরিকশাচালকের লাশ উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা নবীগঞ্জ পৌর এলাকায় ধানখেত থেকে মঙ্গলবার নিখোঁজ অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আবিদ উল্লাহ সেজু (১৯)। নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুজাখাইর গ্রামের সাহিদ উল্লাহর ছেলে সে। সেজু গত ২৪ অক্টোবর দুপুরে খাওয়া শেষে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি গভীরভাবে তদন্ত করছি। লাশ পচে গেছে এবং গলায় গামছা বাঁধা ছিল। আশা করছি, অতি দ্রুত এ ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারব।

 

 

০