ভাঙারি দোকানে বিস্ফোরণ, দগ্ধ ৭

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২২:২০

বিশেষ প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরে ময়লা প্যাকেজিং করার সময় বিস্ফোরণে ভাঙারি দোকানের মালিকসহ সাত জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিত্সকেরা জানিয়েছেন। গতকাল বিকালে বেড়িবাঁধ এলাকায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, বিকাল ৩টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বেশ কয়েক জন আহত হলে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে দোকানের মালিক আব্দুল আলীম, কর্মচারী আমির হোসেন, ফারুক হোসেন ও সাইদুর রহমানের শরীরের বেশির ভাগ পুড়ে গেছে। তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। জানা গেছে, প্রতিদিনের মতো বিকাল ৩টার দিকে ভাঙারি দোকানে মেশিনে চাপ দিয়ে মালামাল প্যাকেট করা হচ্ছিল। এ সময় ভেতরে থাকা একটি ফোমের বোতলে বিস্ফোরণ ঘটে। এতে পাশের একটি ওয়ার্কশপের কর্মীসহ বেশ কয়েক জন আহত হন।