সিংগাইরের সেই দুই পুলিশ কর্মকর্তা অবশেষে প্রত্যাহার

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২২:২০

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

‘সিংগাইরে ঘুষের টাকা ফেরত দিলেন এসআই’ শিরোনামে গতকাল দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশিত হওয়ার পর সিংগাইর থানার দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। তারা হলেন এসআই মো. ফারুক হোসেন ও এএসআই আবু সুফিয়ান। গতকাল মানিকগঞ্জ জেলা পুলিশ লাইনে তাদের প্রত্যাহার করে নেওয়া হয়। সোমবার নীরব হোসেন নামে এক কলেজছাত্রকে বায়রা পশুর হাটে মারধর করার অভিযোগে এএসআই আবু সুফিয়ানকে অবরুদ্ধ করে রাখে গ্রামবাসী। সে ঘটনার জেরে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ওসি মো. রকিবুজ্জামান বলেন, দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার রিফাত রহমান শামিমের নির্দেশে তাদের প্রত্যাহার করে নেওয়া হয় জেলা পুলিশ লাইনে। তবে পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, অন্য কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে, যা বলা যাবে না।

সহকারী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, এ ব্যাপারে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তাকে তদন্ত করার দায়িত্ব দিয়েছেন পুলিশ সুপার। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের পুলিশ লাইনে রাখা হবে। দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে অভিযুক্ত এএসআই আবু সুফিয়ান ও এসআই নজরুল ইসলাম তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কলেজছাত্র নীরব হোসেনের বাড়িতে গিয়ে পরিবারের কাছে অনুরোধ করেছেন বলে জানা গেছে।