ইত্তেফাক রিপোর্ট
অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেছেন বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল। দুর্নীতির মামলায় তিন বছরের সাজা উচ্চ আদালত বহাল রাখায় গতকাল মঙ্গলবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক এ এম এম রুহুল ইমরান।
অবৈধ সম্পদের মামলায় ২০০৭ সালের ৪ জুলাই মীর নাছিরকে ১৩ বছর এবং মীর হেলালকে ৩ বছরের কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। আপিল বিভাগের নির্দেশে এই রায়ের বিরুদ্ধে তাদের করা আপিলের ওপর হাইকোর্টে পুনঃশুনানি হয়। গত বছরের ১৯ নভেম্বর বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ মীর নাছির ও মীর হেলালের সাজা বহাল রাখে। একই সঙ্গে বিশেষ আদালত মামলার রায়ের অনুলিপি পাওয়ার তিন মাসের মধ্যে তাদেরকে সেখানে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।
