সিংগাইরে সেই দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২২:৩৫

জেলার সিংগাইরে পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের টাকা লেনদেনের অভিযোগ ওঠায় তাদের থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মঙ্গলবার মানিকগঞ্জ জেলা পুলিশ লাইনে তাদের প্রত্যাহার করে নেওয়া হয়। মানিকগঞ্জ পুলিশ সুপারের নির্দেশে তাদের প্রত্যাহার করা হলেও কেন প্রত্যাহার করা হয়েছে তা আড়াল করেছেন এসপি রিফাত রহমান শামীম। ‘সিংগাইরে ঘুষের টাকা ফেরত দিলেন এসআই’ শিরোনামে দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশিত হওয়ার পর ওই দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের ঘটনা ঘটলো। 

প্রত্যাহার হওয়া দুই পুলিশ কর্মকর্তা হলেন- সিংগাইর থানার এসআই মো. ফারুক হোসেন ও এএসআই আবু সুফিয়ান।

প্রকাশিত সংবাদে বলা হয়, সিংগাইর থানার এসআই ফারুক হোসেন ঘুূষ হিসেবে নেওয়া টাকা গত সোমবার ফেরত দিয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদি উত্তর পারিলের মো.আবুল হোসেন। অপরদিকে একই দিনে এক কলেজছাত্র নিরব হোসেনকে বায়রা পশুর হাটে মারধর করার অভিযোগে এএসআই আবু সুফিয়ানকে অবরুদ্ধ করে রাখেন গ্রামবাসী। 

সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো. রকিবুজ্জামান বলেন, দৈনিক ইত্তেফাকে ওই সংবাদের প্রেক্ষিতে পুলিশ সুপার রিফাত রহমান শামিমের নির্দেশে জেলা পুলিশ লাইনে তাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে।  

তবে পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, অন্য কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে। যা বলা যাবে না।  

সহকারী পুলিশ সুপার মো.আলমগীর হোসেন বলেন, এ ব্যাপারে আমাকে তদন্তের দায়িত্ব দিয়ে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত শেষ না পর্যন্ত তাদের পুলিশ লাইনে রাখা হবে। দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/এসি