করোনাকালে এশিয়ায় বাংলাদেশের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি :পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২২:৪৬

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনাকালে এশিয়ার সবগুলো দেশের মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি। গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে ‘আর্ট অ্যাগেনিস্ট করোনা’ শীর্ষক মাসব্যাপী চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ড. মোমেন বলেন, বিশ্বব্যাংক ও আইএমএফ যখন ধারণা করেছিল বিশ্বের কোনো দেশের জিডিপির প্রবৃদ্ধি ১ দশমিক ৩৮ থেকে ৩ দশমিক ৩৮ শতাংশের বেশি হবে না, তখন বাংলাদেশের প্রবৃদ্ধি ৫ দশমিক ২ শতাংশ। এটা অভাবনীয় সাফল্য। করোনাকালেও প্রমাণিত হলো আমরা বীরের জাতি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মহামারিতে বন্ধুপ্রতিম দেশগুলোকে প্রবাসী বাংলাদেশিদের খাবারসহ  চিকিত্সার ব্যবস্থার অনুরোধ করা হয়েছিল। তারা আমাদের কথা রেখেছেন। প্রবাসী বাংলাদেশিদের সাহায্যের জন্য বাংলাদেশের বৈদেশিক মিশনসমূহে অর্থ পাঠানো হয়েছিল। দেশে প্রবাসীদের পরিবারকে সহায়তার জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় বিশেষ ব্যবস্থা রেখেছে। তিনি বলেন, বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পোশাক খাতের অর্ডার বাতিল হওয়ার পর আমাদের প্রচেষ্টায় বাতিল হওয়া অর্ডারের ৪০ শতাংশ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতি বিষয়ক সচিব  বদরুল আরেফীন, বরেণ্য চিত্রশিল্পী জামাল আহমেদ প্রমুখ।