বিচারক-আইনজীবীদের প্রশিক্ষণে পারস্পরিক সহযোগিতার আশ্বাস

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ০০:২৯

দেশের নিম্ন ও উচ্চ আদালতের বিচারক এবং আইনজীবীদের পারস্পরিক সহযোগিতা ও প্রশিক্ষণের বিষয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল মঙ্গলবার মন্ত্রীর গুলশানের সরকারি বাসভবনে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। সামনে এই বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে। এই বিশ্বাস এবং আস্থা নিয়েই আমাদের কথোপকথন। ভারত এবং বাংলাদেশের আইনের অবকাঠামো প্রায় একই রকম সেজন্য উভয় দেশের বিচারিক আদালত, উচ্চ আদালতের বিচারক, বিচারপতি এবং আইনজীবীদের মধ্যে পরস্পর সহযোগিতা ও প্রশিক্ষণের জন্য আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে—সেগুলো কীভাবে কাজ করবে তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, আমাদের আলোচনা বন্ধুত্বপূর্ণ হয়েছে এবং এই আলোচনা অব্যাহত থাকবে।

ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের বিচার পদ্ধতিতে আইনমন্ত্রীর ভূমিকা ও অগ্রগতি প্রশংসনীয়। বাংলাদেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী, আইনমন্ত্রীসহ সর্বসাধারণের জন্য আমাদের সহযোগিতা থাকবে। তিনি বলেন, আমাদের উভয় দেশের বিচারিক পদ্ধতি প্রায় এক। ফলে আমরা একে অপরের কাছ থেকে শিখতে এবং কাজ করতে পারব। কারণ দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার জন্য কোনো প্রতিবন্ধকতা নেই।