উত্তরায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ০০:৩০

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে সোমবার ১০০ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি টিম। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী হলো—সুমন ওরফে নোয়াখাইল্যা সুমন ওরফে খোকন ও মোসা. শিউলি বেগম।

অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান জানান, উত্তরা পূর্ব থানার ৬ নম্বর সেক্টরের মাথায় ঢাকা-ময়মনসিংহ রোডে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা হয়েছে।