ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, যেসব ওয়ার্ডে এখনো সামাজিক অনুষ্ঠান কেন্দ্র (কমিউনিটি সেন্টার) নির্মাণ করা হয়নি, সেসব ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে তা প্রকল্প আকারে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। আমরা ৭৫টি ওয়ার্ডের প্রতিটিতেই কমিউনিটি সেন্টার নির্মাণ করব। গতকাল মঙ্গলবার নগর ভবনের মেয়র হানিফ অডিটরিয়ামে অনুষ্ঠিত করপোরেশনের দ্বিতীয় পরিষদের চতুর্থ বোর্ড সভায় এসব কথা বলেন তিনি। মেয়র বলেন, আমাদের অনেকগুলো কমিউনিটি সেন্টার বিভিন্ন সংস্থার কাছে ভাড়া দেওয়া ছিল। তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আর চুক্তি নবায়ন করছি না। আমাদের সামাজিক অনুষ্ঠান কেন্দ্রগুলো দ্রুততার সঙ্গে বুঝিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে চিঠি দেওয়া হয়েছে। আমরা চাই, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই সামাজিক অনুষ্ঠান কেন্দ্রগুলো নির্মাণ করা হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকাবাসীর কল্যাণে এগুলো ব্যবহার করা হবে। পরে ৯ সদস্য বিশিষ্ট সমাজকল্যাণ ও কমিউনিটি সেন্টারবিষয়ক স্থায়ী কমিটি গঠন করা হয়।
