রাজধানীর মোহাম্মদপুর থেকে অস্ত্রধারী সন্ত্রাসী তরিকুল ইসলাম ওরফে সোহেলকে গ্রেফতার করেছে র্যাব। গত সোমবার রাতে চাঁদ উদ্যান এলাকার সাতমসজিদ হাউজিংয়ের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ৭২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব-২ -এর এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, সন্ত্রাসী তরিকুল সাতমসজিদ হাউজিং এলাকায় মাদক কেনাবেচার জন্য অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে রাজধানী ও এর আশপাশের এলাকায় বিভিন্ন লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি ও মাদক কেনাবেচাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে।
