৩ দিনের রিমান্ডে হাজী সেলিমের ছেলে ও তার বডিগার্ড

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৪:৫৬

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির ঘটনায় করা মামলায় মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিম ও তার বডিগার্ড মোহাম্মদ জাহিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নুর শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার ধানমন্ডি থানায় করা ওই মামলার তদন্তের স্বার্থে গ্রেফতার দেখানো-পূর্বক সাত দিনের রিমান্ড আবেদন করেন ধানমন্ডি থানার পরিদর্শক (নিরস্ত্র) আশফাক রাজীব হায়দার। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নুর এ বিষয় শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

গত রবিবার রাতে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে এমপি হাজী সেলিমের গাড়ি থেকে বেরিয়ে মারধর করা হয়। রাতে এ ঘটনায় জিডি হলেও হাজী সেলিমের ছেলেসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন ওয়াসিফ। সোমবার এমপি হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ইরফানের বাসায় অভিযান চালায় র‌্যাব। ভ্রাম্যমাণ আদালতে মাদক ও অবৈধ ওয়াকিটকি রাখা ও ব্যবহারের দায়ে ইরফান সেলিমের এক বছরের কারাদণ্ড দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম। এ সময় ইরফানের দেহরক্ষী মো. জাহিদুলকে ইসলামেরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

ইত্তেফাক/জেডএইচডি