অ্যাকুরিয়ামের মাছের জগতে অন্যতম সুন্দর মাছ হলো ফাইটার মাছ, যেটি বেটা ফিশ নামেও পরিচিত। বেটার মতো এত সুন্দর রং খুব কমই দেখা যায়। পৃথিবীজুড়ে গোল্ডফিশের পরেই জনপ্রিয় হচ্ছে বেটা। একে সিয়ামিজ লড়াকু মাছ, বাথাই ভাষায় ‘ইকানবেটাহ’ বলা হয় এবং এই নামের অর্থ হচ্ছে—‘কামড়ানো মাছ’। পৃথিবীতে প্রায় ৭৩ প্রজাতির বেটা মাছের দেখা মেলে এবং চোখ জুড়ানো বাহারি রঙের খুদে এই মাছটি ২৫টির বেশি বিভিন্ন রঙে পাওয়া যায়। বাঁচে দুই থেকে পাঁচ বছর পর্যন্ত। এই মাছের মূল আবাসস্থল থাইল্যান্ডের মেকং নদী। এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং চীনেও পাওয়া যায় এই মাছ।
অনেকেই চায় অ্যাকুরিয়ামটি শুধু বেটা মাছ দিয়েই ভর্তি করে রাখতে, কিন্তু দুর্ভাগ্যবশত এই মাছ একসঙ্গে একটির বেশি রাখা যায় না। দুটি পুরুষ মাছকে একসঙ্গে রাখলে একটি অপরটিকে ঘায়েল না করা পর্যন্ত লড়াই করতে থাকে। স্ত্রীমাছ ডিম ছাড়ার পর পুরুষমাছ সেটিকে তাড়িয়ে দেয়। মুখ থেকে লালা বের করে এক ধরনের ভাসমান বুদবুদের বাসা তৈরি করে সেখানে ডিম রাখে পুরুষমাছ। পোনা বের না হওয়া পর্যন্ত মাছটি দায়িত্ব পালন করে। ফাইটার মাছ যেমন একসঙ্গে থাকে না, তেমনি এই মাছের বিশেষ সুবিধা হলো এরা বেশ কষ্টসহিষ্ণু হয় এবং অ্যাকুরিয়ামের ছোট জায়গায় ভালোভাবে রাখা যায়।
