দেশি-বিদেশি বিনিয়োগকারীদের দ্রুত সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে যুক্ত করলো আরো ০৯টি সেবা। সম্প্রতি বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে এক অনাড়ম্বর সভার মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি। পরিবেশ অধিদপ্তরের পরিবেশ ছাড়পত্র সংক্রান্ত ০৯টি সেবা ওএসএস পোর্টালে যুক্ত হয়ে হাই-টেক পাকের্র ওয়ান স্টপ সার্ভিস আরো এক ধাপ এগিয়ে গেলো। এখন থেকে বিনিয়োগকারীগণ পরিবেশ ছাড়পত্রের জন্য ওএসএস প্লাটফরম ব্যবহার করে অল্প সময়ের মধ্যে সেবা গ্রহন করতে পারবেন।
বিনিয়োগকারীগণকে দ্রুত ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ বদ্ধপরিকর। ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮ এবং ওয়ান স্টপ সার্ভিস (বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ) বিধিমালা, ২০১৯ অনুযায়ী বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় মোট ১৪৮টি সেবা প্রদান করা হচ্ছে যার মধ্যে ১১টি সেবা অনলাইনে (https://ossbhtpa.gov.bd/) পোর্টালের মাধ্যমে প্রদান করা হয়ে আসছে। আজ চালু হওয়া ০৯টি সেবা যুক্ত হওয়ায় এখন সেবা গ্রহীতারা ২০টি সেবা অনলাইনের মাধ্যমে পাবেন। বিনিয়োগকারীগণকে অতি সহজে, অল্প সময়ে ও কম খরচে সেবা প্রদান করার লক্ষ্যে গত ২০১৮ সাল থেকে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে সেবা প্রদান শুরু করে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকল সেবা দাতা সংস্থা / প্রতিষ্ঠানকে সহোযোগিতা করার আহবান জানান যাতে সকল সেবা অতি দ্রুত ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে যুক্ত করা যায়। এতে ইজ অব ডুয়িং বিজনেস (Ease of Doing Business) ইনডেক্সে বাংলাদেশের উন্নয়ন তরান্বিত করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল ২০১৮খ্রি. তারিখে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও সম্পূর্ণ দেশিয় সফটওয়্যার প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লিমিটেডের মধ্যে ওয়ান স্টপ সার্ভিস চালুর বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
