বঙ্গবন্ধু টি-২০ কাপ
স্পোর্টস রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বছরের শুরুতে ‘বঙ্গবন্ধু বিপিএল’ আয়োজন করেছিল বিসিবি। পরে করোনার কারণে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হলেও স্থগিত হয়ে যায়। একই কারণে এশিয়া একাদশ-বিশ্ব একাদশের মধ্যকার আন্তর্জাতিক টি-২০ ম্যাচের বড় আয়োজনও মাঠে গড়ায়নি।
বাংলাদেশের স্বপ্নদ্রষ্টার প্রতি শ্রদ্ধা জানাতে এবার আসন্ন টি-২০ টুর্নামেন্টের নামকরণও বঙ্গবন্ধুর নামে করা হচ্ছে। আগামী ১৫ নভেম্বর শুরু হতে চলা টুর্নামেন্টের নাম ‘বঙ্গবন্ধু টি-২০ কাপ’। টুর্নামেন্টের পাঁচ দলের স্পনসর চেয়ে দরপত্র দিয়েছে বিসিবি। আগ্রহী প্রতিষ্ঠানকে ১ নভেম্বরের মধ্যে দরপত্র জমা দিতে বলা হয়েছে।
বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলেছিলেন ৪৫ জন ক্রিকেটার। টি-২০ কাপের দলগঠন হবে ড্রাফটে। গতকাল বিসিবি সূত্রে জানা গেছে, জাতীয় দল, এইচপি, অনূর্ধ্ব-১৯ ও ঘরোয়া ক্রিকেটের পারফরমার মিলিয়ে ড্রাফটে নাম উঠবে ৮০ ক্রিকেটারের।
বেশ বড় বাজেটেই টুর্নামেন্টটি হবে। একটি দল গঠনে সর্বোচ্চ ২ কোটি টাকা খরচের অনুমতি দিবে বিসিবি। প্রাইজমানি ছাড়াই টুর্নামেন্টের বাজেট হয়ে যাচ্ছে ১০ কোটি টাকা। এছাড়া ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করে দিবে বিসিবি। সূত্র জানায়, ‘এ’ ক্যাটাগরিতে ১০ লাখ, ‘বি’ ক্যাটাগরিতে ৮ লাখ, ‘সি’ ক্যাটাগরিতে ৬ লাখ ও ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটার ৪ লাখ টাকা পারিশ্রমিক পাবেন।
বঙ্গবন্ধু টি-২০ কাপে থাকবে না কোনো বিদেশি ক্রিকেটার। তবে এই টুর্নামেন্ট দিয়ে মাঠে ফেরার কথা রয়েছে মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের।
করোনাকালে নিয়মিত ক্রিকেট আয়োজনের পরিকল্পনার অংশ হিসেবেই একের পর এক টুর্নামেন্ট করতে যাচ্ছে বিসিবি। গতকাল মিরপুর স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেছেন, ‘যেহেতু অনেক দিন ধরেই সবাই ক্রিকেটের বাহিরে আছেন, প্রতিযোগিতামূলক ক্রিকেট চালু করতে আমাদের যেই পরিকল্পনা, সেই প্রয়াসের অংশ হিসেবে আমরা তিন দলের একটা সফল প্রতিযোগিতা আয়োজন সম্পন্ন করেছি। এরপর যেটা হচ্ছে গিয়ে আমরা একটা পাঁচ দলের প্রতিযোগিতা আয়োজন করব। ইতিমধ্যে আমরা দরপত্র দিয়েছি আমাদের টিম স্পনসর চেয়ে।’
