স্পোর্টস রিপোর্টার
তিন দলের বিসিবি প্রেসিডেন্টস কাপ শেষে নভেম্বরে শুরু হবে পাঁচ দলের বঙ্গবন্ধু টি-২০ কাপ। করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে, জৈব সুরক্ষা বলয় তৈরি করে এসব টুর্নামেন্ট আয়োজনের নেপথ্যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজ।
জানুয়ারিতে এই সিরিজের জন্য খুব শিগিগরই ক্যারিবিয়ানদের স্বাস্থ্য পরিকল্পনা পাঠাবে বিসিবি। গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন।
মিরপুর স্টেডিয়ামে তিনি বলেছেন, ‘আমরা তিন দলের একটি প্রতিযোগিতা আয়োজন করেছি। এরপর একটা পাঁচ দলের প্রতিযোগিতা আয়োজন আমাদের পরিকল্পনার একটা অংশ। এরপর একটা আন্তর্জাতিক সিরিজ হোস্ট করার কথা রয়েছে যেটা আইসিসির এফটিপিতে রয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। আমাদের যে প্ল্যান, মেডিক্যাল বা কোভিড-১৯ ম্যানেজমেন্ট প্ল্যান তাদের পাঠাব। তারপর হয়তো আমরা দুই বোর্ডের আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব।’
এই সিরিজে উইন্ডিজদের বিরুদ্ধে তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং দুইটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
