৩৪ কোটি টাকা দুর্নীতির অভিযোগে ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ২১:২৪

মৌলভীবাজারে পাম্প হাউজ সেচ পুনর্বাসন প্রকল্প

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলার কাশিমপুর পাম্প হাউজ পুনর্বাসন প্রকল্পে আটটি সেচ পাম্প ক্রয়ে প্রায় সাড়ে ৩৪ কোটি টাকার দুর্নীতি হয়েছে। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ার পর গত ২১ অক্টোবর দুদক ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে।

১৯৭৫-৭৬ সালে ১৯ হাজার ২২৮ হেক্টর চাষযোগ্য জমির বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচব্যবস্থা করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার হাওরের কৃষি জমিতে চাষাবাদ ঐ পাম্প হাউজের সেচের ওপর নির্ভরশীল। ২০১৭ সালে কাশিমপুর পাম্প হাউজ আধুনিকায়নের উদ্যোগ নেয় সরকার। চলতি মৌসুমে কাশিমপুর পাম্প হাউজে স্থাপন করা আটটি নতুন সেচ পাম্পের কারণে এলাকার কৃষকেরা তাদের অনাবাদি জমি চাষের আওতায় আনেন। নতুন ঐ আটটি পাম্পের মূল্য দেখানো হয় ৫৪ কোটি ৮৩ লাখ টাকা। অথচ তদন্তে এর প্রকৃত মূল্য পাওয়া যায় ২০ কোটি ৪১ লাখ টাকা। এতে ৩৪ কোটি ৪২ লাখ ১৭ হাজার ১০৬ টাকা ২০ পয়সা দুর্নীতির অভিযোগে চলতি বছরের ২১ অক্টোবর ১১ জনকে আসামি করে দুদক মামলা করেছে।দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় থেকে জানা যায়, দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক সহিদুর রহমান এই মামলাটি করেন।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, এই ধরনের দুর্নীতির কারণে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এ ব্যাপারে পানিসম্পদ মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।