কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা !

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ২১:২৫

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রায়পুরে এনজিওর টাকা (কিস্তি) পরিশোধ করতে না পেরে সুমি আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার শহরের পোস্ট অফিস সড়কের বয়াতি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ একই এলাকার রিকশাচালক মনির হোসেনের স্ত্রী। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী থানায় ইউডি মামলা করেছেন।

নিহত গৃহবধূর স্বামী কিরন জানান, অভাবের কারণে কয়েকটি এনজিও এবং স্থানীয় সমিতি থেকে প্রায় ২ লাখ টাকা কিস্তি নিয়ে বসতঘর নির্মাণসহ রিকশা ক্রয় করেন তারা স্বামী-স্ত্রী। প্রতিদিন ও সপ্তাহে কিস্তির টাকা জমা দেওয়ার কথা রয়েছে। কিন্তু করোনায় ও বেশি অভাবগ্রস্ত হয়ে পড়ায় সময়মতো কিস্তি পরিশোধ করতে সমস্যা দেখা দেয়। তবে এনজিও ও সমিতির কর্মকর্তারা প্রতিদিন কিস্তি আদায়ের জন্য মানসিক নির্যাতন করতেন তাদের। গতকাল এনজিওর কর্মকর্তারা চাপ সৃষ্টি করলে, তা দিতে না পারায় স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূ সুমি নিজের কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

 পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী নাজমুল কাদের গুলজার বলেন, কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করা খুব দুঃখজনক। অসহায় পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন। রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, ঘটনাটি দুঃখজনক। গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলা করা হয়েছে।