আইন একটি বিশেষায়িত সেবামূলক পেশাগত বিষয়। একাডেমিক জীবন শেষে আইন সংশ্লিষ্ট চাকরি ও আইন ব্যবসার জন্য বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে তিন ধাপের পরীক্ষা ২০১২ খ্রিস্টাব্দ থেকে দিতে হচ্ছে। বার কাউন্সিলের বাত্সরিক ক্যালেন্ডার ও বিধি-নিয়ম অনুযায়ী বছরে দুবার পরীক্ষা সম্পন্ন করার সিদ্ধান্ত হলেও এক ধাপের পরীক্ষা সম্পন্ন করতে তিন-চার বছর সময় লেগে যায়। আইন পেশায় অন্তর্ভুক্তির জন্য আমাদের দেশের মতো জটিল, সময়সাপেক্ষ ও হয়রানিমূলক পদ্ধতি কোথাও নেই। চিকিত্সক, প্রকৌশলী ও রসায়নবিদসহ অন্যান্য বিশেষায়িত পেশায় এমন অন্যায্য বাধা আর নেই। এলএলবি (স্নাতক) উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবী হিসেবে আবেদনকারী ও পরীক্ষার্থীদের করোনাকাল বিবেচনায় আইনজীবী সনদ প্রদান করা উচিত। একজন ভুক্তভোগী হিসেবে ২০১৬ খ্রিস্টাব্দে এলএলবি (স্নাতক) উত্তীর্ণ হয়ে ২০২০ খ্রিস্টাব্দে এসে প্রচলিত তিন ধাপের পরীক্ষার মধ্যে প্রথম ধাপের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হয়েছে। করোনাকাল এসে পড়ায় পরীক্ষায় অংশগ্রহণের আর সুযোগ হচ্ছে না। উদ্ভুত পরিস্থিতি নিরসনে সদুত্তর যথাযথ কর্তৃপক্ষের কাছে রয়েছে। বিশেষায়িত আইন পেশায় অন্তর্ভুক্তির প্রচলিত পদ্ধতি বাতিল করে প্রশিক্ষণ ও অ্যাসাইনমেন্ট প্রদান সাপেক্ষে আইনজীবী সনদ প্রদানের বিকল্প নেই।
সুজন কুমার বিশ্বাস
শিক্ষানবিশ আইনজীবী,
ঝিনাইদহ আদালত
