চিলাহাটি-হলদিবাড়ী রেললাইন
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
দীর্ঘ ৬৫ বছর পর চিলাহাটি-হলদিবাড়ি রেলপথে বাংলাদেশ রেলের ইঞ্জিনের ট্রায়াল শেষ হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় চিলাহাটি স্টেশনের এক কিলোমিটার দূরে ফিতা কেটে ইঞ্জিনটির যাত্রা উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। উদ্বোধনের পরপরই ট্রায়াল ইঞ্জিনটি ৬ দশমিক ৭৫ কিলোমিটার পাড়ি দিয়ে নোম্যান্স ল্যান্ড ৩২/৯ পিলারের কাছে পৌঁছায়। এ সময় রেললাইনের দুই ধারে হাজার হাজার নারী-পুরুষ হাত নেড়ে অভিনন্দন জানায়। পরে সেখানে উভয় দেশের রেলের কর্মকর্তারা বৈঠকে মিলিত হন। এতে বাংলাদেশের পক্ষে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আল-ফাত্তাহ মাসুদউর রহমান ও ভারতীয় পক্ষে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার ভিকে মিনা নেতৃত্ব দেন। এ সময় রেলের পশ্চিমাঞ্চল জোনের প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুর রহিম, পাকশি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. শাহিদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী তৌহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পশ্চিমাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী বলেন, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়াল পদ্ধতিতে শুধু পণ্য পরিবহনের জন্য রেলপথটির উদ্বোধন করবেন। পরবর্তী সময়ে ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যাত্রী পরিবহন কাজ শুরু হবে। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের পর বন্ধ হয় দুই দেশের মধ্যে রেল চলাচল। পরিত্যক্ত রেলপথটি চালুর উদ্যোগ নেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি সরকার।
