আগুনমুখা নদীতে ফেরি চালুর দাবি

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ২১:৩৬

রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা

রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া-পানপট্টি নৌরুটের আগুনমুখা নদীতে ফেরি সেবা চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলা ছাত্রলীগ ও রাঙ্গাবালীবাসী নামক সংগঠনের উদ্যোগে বাহের চর বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী, সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বল, বাহের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিকান্দার হোসেন প্রমুখ। এ সময় তারা বলেন, এ রুটে গত ১০ মাসে সাত জন নৌদুর্ঘটনায় মারা গেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, ফেরি চালুর জন্য ২০১৯ সালের ৩ নভেম্বর সওজের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের চিঠি লিখেছি।