ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর লামা বায়েক গ্রামে গত ২৯ সেপ্টেম্বর চাঞ্চল্যকর ইশান ও মনির হত্যাকাণ্ড সংগঠিত হয়। জোড়া খুনের প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখনো গ্রেফতার হয়নি মূল আসামিরা। এ ঘটনায় ২১ জনের নামে আশুগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এক মাসে একজন আসামি গ্রেফতার হলেও অন্যরা নির্বিঘ্নে এলাকায় ঘুরে বেড়াচ্ছে বলে দাবি নিহত ইশানের মা আকলিমা আক্তারের। বাবা মিজানুর রহমান জানান, হত্যাকাণ্ডের এতদিন পার হলেও আসামিদের ধরা হচ্ছে না। ছেলের হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানান তিনি। পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, আসামিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে তাদের অবস্থান চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
