সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ২১:৩৭

ভূতুড়ে বিল বন্ধের দাবিতে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, রাজশাহী বিদ্যুত্ বিতরণ কোম্পানি নেসকোর ভৌতিক বিল আদায় বন্ধ, নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সঞ্চালন ও সেবার মানোন্নয়নের দাবিতে বিক্ষোভ-সমাবেশের পর বিদ্যুত্ জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। এ সময় সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসডিজি অর্জনে জেলা নেটওয়ার্ক ষান্মাসিক সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জে গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে জেলা নেটওয়ার্কের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সিরাজগঞ্জের সয়দাবাদে মানবমুক্তি সংস্থার সভাকক্ষে এসডিজি বাস্তবায়নে জেলা নেটওয়ার্কের সভাপতি রহিমা খাতুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মানবমুক্তি সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুল্লাহ বাহার।

দুই দিনব্যাপী প্রশিক্ষণ চলছে

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা সোনাতলায় উপজেলা মত্স্য দপ্তরের আয়োজনে মত্স্যজীবী ও মত্স্যচাষিদের মাছ চাষের ওপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়। উপজেলা মত্স্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান, মত্স্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা ও মো. ইমরান হোসেন এতে প্রশিক্ষণ প্রদান করেন।

বিনিয়োগ ও ব্যবসা উন্নয়ন সহায়তা কমিটির সভা

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লার তিতাসে বিনিয়োগ ও ব্যবসা সহজীকরণ ও প্রসারের লক্ষ্যে বিদ্যমান নীতিমালা, আইন, বিধি ও পদ্ধতি সংস্কারে উপজেলা বিনিয়োগ ও ব্যবসা উন্নয়ন সহায়তা কমিটির সভা বুধবার উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তার।