ইত্তেফাক রিপোর্ট
৪২৮ কোটি ৯৮ লাখ ৯৪ হাজার টাকার চারটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল বুধবার ভার্চুয়াল পদ্ধতিতে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান। অর্থমন্ত্রী সভায় সভাপতিত্ব করেন। অর্থমন্ত্রী বলেন, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদনের জন্য চারটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এরমধ্যে স্থানীয় সরকার বিভাগের দুটি এবং পানিসম্পদ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি করে প্রস্তাবনা রয়েছে।
অনুমোদিত চারটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৪২৮ কোটি ৯৮ লাখ ৯৪ হাজার টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল (জিওবি) থেকে ব্যয় হবে ১৭৬ কোটি ১৪ লাখ ৫৯ হাজার টাকা এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ঋণ পাওয়া যাবে ২৫২ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার টাকা। সভার বিভিন্ন দিক সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবু সালেহ্ মোস্তফা কামাল। তিনি জানান, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ১টি প্রস্তাব অনুমোদন হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের (ইনার ও আউটার চ্যানেলে) জরুরি রক্ষণাবেক্ষণ ড্রেজিং প্রকল্পটি রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বেলজিয়ামভিত্তিক একটি ড্রেজিং কোম্পানির মাধ্যমে সরাসরি ক্রয়পদ্ধতিতে বাস্তবায়নের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
