গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় দিগন্ত সোয়েটার কারখানায় ছাঁটাই আতঙ্কে গতকাল শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় তারা পার্শ্ববর্তী একটি কারখানায় হামলা চালিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এতে শ্রমিক ও পথচারীসহ কমপক্ষে ১৫ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। উদ্ভূত পরিস্থিতিতে আশপাশের কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিক্ষুব্ধ শ্রমিক ও পুলিশ জানায়, দিগন্ত সোয়েটার কারখানা দুই মাসের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার গেটে নোটিশ টাঙিয়ে দেয়। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ছাঁটাই আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার কারখানার মালিক পক্ষ পুলিশের উপস্থিতিতে শ্রমিকদের দাবি মেনে নেয়। কিন্তু বুধবার সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে ক্ষুব্ধ হয়ে কারখানার বাইরে এসে মিছিল সহকারে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন। এতে ঐ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।
