দেশে করোনা ভাইরাসে এক দিনে ২৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ১৯ জন, নারী চার জন। তাদের মধ্যে ২১ জন হাসপাতালে ও দুই জন বাড়িতে মারা গেছেন। মৃতদের মধ্যে ১৬ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, দুই জন করে মোট চার জনের বয়স ৫১ থেকে ৬০ ও ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং তিন জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল। ১৬ জন ঢাকা বিভাগের, পাঁচ জন চট্টগ্রাম বিভাগের এবং এক জন করে মোট দুই জন খুলনা ও রংপুর বিভাগের বাসিন্দা।
গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ৪৯৩ জনকে নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩ হাজার ৭৯ জন। মৃতের মোট সংখ্যা পৌঁছছে ৫ হাজার ৮৬১ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৬১০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ১৯ হাজার ৭৩৩ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১১টি ল্যাবে ১২ হাজার ৩৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২২ লাখ ৯৬ হাজার ৩২১টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ০৮ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ৫৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৩২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
