কুষ্টিয়ায় বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ২২:৪২

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন—কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা গ্রামের অনিক বিশ্বাস (২১), খোকসা উপজেলার বাসিন্দা রিপন কুমার ঘোষ (৩২) ও মিরপুর উপজেলার কাটদহ গ্রামের নিতাই বিশ্বাস (৩৫)।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বিষাক্ত অ্যালকোহল পানে গুরুতর অসুস্থ নিতাই বিশ্বাস প্রথম রোগী হিসাবে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি হন। এরপর অনিক বিশ্বাস ও রিপন কুমার ঘোষও হাসপাতালে ভর্তি হন। বুধবার ভোরে তিন জনই মারা যান।

হাসপাতালের আবাসিক চিকিত্সক ডাক্তার তাপস কুমার সরকার জানান, বিষাক্ত মদ পানেই তিন যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে লাশ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

কুষ্টিয়া মডেল থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।