ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
ভাঙ্গুড়ায় দুই হত্যাকাণ্ডের প্রধান আসামি বেল্লাল হাজি ও ইন্ধনদাতাদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। গত মঙ্গলবার চণ্ডিপুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত পরিবারের আলফা খাতুন, আশরাফুল ইসলাম ও মামলার বাদী রত্না খাতুন।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার প্রত্যন্ত খানমরিচ ইউনিয়নের দাসবেলাই গ্রামের এক নারীকে কুপ্রস্তাব ও অ্যাসিড নিক্ষেপের হুমকির প্রতিবাদ করায় ঐ গ্রামের বখাটে মফেদুল ইসলাম ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বেল্লাল হাজির নেতৃত্বে ১৫-২০ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে গফুর আলীর বাড়িতে হামলা চালায়। এতে ঐ নারীর পরিবার ও স্বজনসহ ১৫ জন গুরুতর আহত হন। তাদের মধ্যে তোরাপ আলী ও তার ছেলে ফজলুল হক নিহত হন। এ ব্যাপারে নিহত পরিবারের রত্না খাতুন ভাঙ্গুড়া থানায় মামলা করেন। মানববন্ধনে অবিলম্বে আসামিদের গ্রেফতারের দাবি জানান বক্তারা। এর আগে হত্যাকারীদের ফাঁসির দাবিতে করতকান্দি গ্রাম থেকে চণ্ডিপুর পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের হয়। ঐদিন খানমরিচ ইউনিয়নের চেয়ারম্যান আছাদুর রহমানও হত্যাকারীদের শাস্তির দাবিতে পৃথক মানববন্ধন ও মিছিল করেছেন।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, এ পর্যন্ত পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বেল্লাল হাজিসহ বাকিদের গ্রেফতারের জন্য পুলিশ জোর তত্পরতা চালাচ্ছে।
