ভেদরগঞ্জ (শরীয়তপুর) :মঙ্গলবার রাতে ভেদরগঞ্জে শরীয়তপুর-চাঁদপুর সড়কে সাজনপুর বেইলি ব্রিজের পাত ভেঙে একটি মালবোঝাই ট্রাক আটকে পড়ে। ট্রাকটি সরিয়ে নেওয়া হলেও গতকাল সকাল পর্যন্ত ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ ছিল। এতে ব্রিজটির দুই প্রান্তে তিন শতাধিক গাড়ি আটকা পড়ে। জানা যায়, এ ব্রিজের ওপর দিয়ে পাঁচ টনের বেশি ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে রেলের স্লিপার ভর্তি অতিরিক্ত ওজনের একটি ১০ চাকার ট্রাক ব্রিজের ওপর উঠলে স্টিলের পাত ধসে ট্রাকটি আটকে যায়। ট্রাকটির চালক মাহবুব রহমান বলেন, ব্রিজটিতে ওঠার পরই বিকট শব্দ করে দুইটি স্লিপার ভেঙে যায়। শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. অহিদুজ্জামান জানান, গেল কয়েক মাস আগে সেতুগুলো মেরামত শেষ হয়েছে। ভারী যানবাহন চলাচল করায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আটকে পড়া ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এরপর সেতুটি দ্রুত মেরামতের ব্যবস্থা করা হচ্ছে —আসাদ গাজী