অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যার ‘নাটের গুরু’ হিসেবে সমালোচিত বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশের অন্যতম সহযোগী কনস্টেবল রুবেল শর্মার দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার বেলা ১টার দিকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ (টেকনাফ)-এর বিচারক তামান্না ফারাহ এ রিমান্ড মঞ্জুর করেন।
সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, এর আগে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল রুবেল শর্মাকে। তার কাছ থেকে এই হত্যা মামলা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আরো কিছু তথ্যের জন্য তাকে আবারও রিমান্ডে নেওয়া প্রয়োজন। তাই পুনরায় আট দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
তথ্যমতে, সিনহা হত্যা মামলার ১৪ আসামির মধ্যে সর্বশেষ আসামি হিসেবে সংযুক্ত হন রুবেল শর্মা। গত ১৪ সেপ্টেম্বর গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। জনশ্রুতি রয়েছে, কনস্টেবল রুবেল শর্মা টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপের বিভিন্ন অপকর্মের অন্যতম সহযোগী ছিলেন।
উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় এপিবিএনের চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় ৫ আগস্ট নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন। সেই মামলায় প্রদীপসহ সাত জন আত্মসমর্পণ করেন। আরো ছয় জনকে সম্পূরক আসামি হিসেবে সংযুক্ত করা হয়। সর্বশেষ আসামি হিসেবে যুক্ত করা হয়েছে রুবেল শর্মাকে।
