রাজধানী দারুসসালাম থানার বড়বাজার এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান চালিয়ে সাড়ে ২৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে র্যাব-৪ এর একটি টিম এ অভিযান চালায়। আটককৃতদের নাম জসীম সিকদার, সুখন মিয়া ও রাকিব হাসান। জসীমের বাড়ি গাজীপুরে এবং সুখন ও রাকিবের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
র্যাব-৪-এর সহকারী পরিচালক জিয়াউর রহমান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪-এর একটি দল মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে রাজধানীর দারুসসালাম থানার বড়বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় তারা তিন মাদক বিক্রেতার কাছ থেকে সাড়ে ২৯ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোন জব্দ করে। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। দেশের সীমান্ত এলাকা থেকে তারা গাঁজাসহ মাদকদ্রব্য সংগ্রহ করে। পরে তারা অভিনব কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ করে। আটক তিন জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
