বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন প্রতিষ্ঠানটির ছাত্রকল্যাণ পরিচালক ড. মিজানুর রহমান। সাক্ষ্য শেষে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। গতকাল বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন। এ নিয়ে রাষ্ট্রপক্ষে এই মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সমাপ্ত হলো। আগামী ২ নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীরা নির্মমভাবে পিটিয়ে আবরার ফাহাদকে হত্যা করে। পর দিন চকবাজার থানায় হত্যা মামলা করে আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। এ মামলায় তদন্ত শেষে ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। চার্জশিটভুক্ত ২২ আসামি কারাগারে রয়েছেন। বাকি তিন জন পলাতক। প্রসঙ্গত, এ মামলায় রাষ্ট্রপক্ষে ৬০ জন সাক্ষী রয়েছেন। গত ৫ অক্টোবর থেকে বাদির জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
