আকিজ গ্রুপের চুরি যাওয়া প্রায় অর্ধকোটি টাকার সিমেন্ট ভাণ্ডারিয়ার ভিটাবাড়িয়া থেকে গত ২২ অক্টোবর উদ্ধার হয়েছে। নারায়ণগঞ্জ থেকে কার্গো করে সেই সিমেন্ট পৌঁছানোর কথা ছিল খুলনায়। কিন্তু পথেই সিমেন্ট, কয়লা ও পাথরঝোঝাই কার্গোটি চুরি যায়। কোনো সংঘবদ্ধ চক্র নদীপথের এই বিপুল পরিমাণ চোরাই পণ্য কাদের মদদে ভাণ্ডারিয়ায় মজুত করেছে তা নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা।
স্থানীয় ট্রাস্টহোম সার্ভিস নামের একটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানসংলগ্ন গোডাউন থেকে ৬ হাজার ৭০০ ব্যাগ সিমেন্ট, পাথর ও কয়লা আটক করা হয়। এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, ২২ অক্টোবর জিয়াউর রহমান জিয়া নামে ঢাকার একজন পরিবহন ঠিকাদার তার একটি কার্গো চুরি হয়েছে মর্মে মামলা দায়ের করেন। কার্গোটি সিমেন্টবোঝাই ছিল বলে তিনি উল্লেখ করেন। মামলায় তিনি একজনকে আসামি করেন।
পরে পুলিশ কার্গোটি পটুয়াখালী ডকইয়ার্ড থেকে উদ্ধার করে। চুরি যাওয়া সিমেন্ট মালিককে বুঝিয়ে দেওয়ার নির্দেশ রয়েছে আদালতের। তবে কার্গোটি মালিককে বুঝিয়ে দেওয়ার আদেশ দেয়নি। এদিকে এই চোরাই কারবারের সঙ্গে ভিটাবাড়িয়ার বাঞ্ছারখাল এলাকার একটি ইটভাটা এলাকায় স্থানীয় এক প্রভাবশালী নেতার জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে সাংবাদিকদের অনুসন্ধানে।
ঐ ইটভাটার পরিচালক জসিমের সঙ্গে আলাপকালে তিনি জানান, এই রুটে নৌপথে বিভিন্ন সময়ে এক-আধটু ঝামেলা হলে ব্যবসার খাতিরে আমাকে সাহায্য করতে হয়। তবে আমি করি ইটভাটার ব্যবসা।
একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, কার্গোতে ৬ হাজার ৭০০ বস্তা সিমেন্ট, কয়লা ও পাথর ছিল, যার আনুমানিক মূল্য ৪৬ লাখ টাকা। মামলায় সিমেন্টের উল্লেখ থাকলেও অন্য মালামালের উল্লেখ নেই বলে জানা গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভাণ্ডারিয়া থানার উপপরিদর্শক মো. আব্দুল কাইয়ুম জানান, কার্গোটি পটুয়াখালী লঞ্চঘাট লাগোয়া একটি ডকইয়ার্ড থেকে উদ্ধার করে ভাণ্ডারিয়া থানার পুলিশ জব্দ করে। কার্গোর সুকানি বাদলকে (৪২) গ্রেফতার করে পিরোজপুর কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বর্তমানে বাদল জেলা কারাগারে এবং কার্গোটি থানার হেফাজতে আছে।
এদিকে স্থানীয় একটি প্রভাবশালী চোরাই চক্র দীর্ঘদিন ধরে নৌপথে এ কাজ করে যাচ্ছে বলেও জনশ্রুতি রয়েছে। বলেশ্বর ও কঁচা নদীপথ চোরাই মালামাল পাচারের রুট হিসেবে পরিণত হয়েছে। গত আগস্ট মাসের শেষের দিকেও একটি বালুভর্তি কার্গো থেকে স্থানীয় লঞ্চঘাটে বালু নামানো হয়েছে বলে জানা গেছে।
