উদীচীর ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ০০:৩২

আজ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠার পর থেকেই দেশের ক্রান্তিকালে সংস্কৃতির শক্তিতে সবসময় প্রতিবাদ জানিয়ে এসেছে উদীচী শিল্পী গোষ্ঠী। গণমানুষের  সাংস্কৃতিক সংগঠন উদীচী, ১৯৬৮ সাল থেকে মানুষের অধিকার আদায়ে সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। দীর্ঘ আন্দোলন মুখর পথচলায় মুক্তিযুদ্ধ থেকে এ যাবত্কালে সংঘটিত সকল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। “দূর কর দুঃশাসন দুরাচার-জনতা জেগেছে  যে দুর্বার”  এই শ্লোগানকে  ধারণ করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজন করছে ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী। জাতীয় সংগীত ও সংগঠন সংগীতের সাথে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে থাকবে প্রতিবাদী সঙ্গীত,  নৃত্য, আবৃত্তি ও পথনাটক।

আলোচনায় থাকবেন প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক  ড. কাবেরী গায়েন, মোহাম্মদ তানজীম উদ্দীন, উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সহ সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সঙ্গীতা ইমাম এবং বন্ধুপ্রতিম সংগঠনের নেতবৃন্দ। সভাপতিত্ব করবেন ড. সফিউদ্দিন আহমদ।