নাট্যকর্মীদের প্রাণের জায়গা বাংলাদেশ শিল্পকলা একাডেমি করোনার প্রভাবে বন্ধ ছিল অনেকদিন। সবকিছু স্বাভাবিকের দিকে গেলে সবার আহ্বান থাকে খুলে দেওয়া হোক শিল্পকলা। পরবর্তীতে সরকার থেকে অনুমতি দেওয়া হয় শিল্পকলা একাডেমি খোলার। তবে স্বাস্থ্যবিধি মেনে করতে হবে নাটক মঞ্চায়ন। যদিও শিল্পকলা খোলার আগেই কয়েকটি নাট্যদল নাটক মঞ্চায় শুরু করে। অল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনেই কাজ শুরু করে তারা। তবে সবার অপেক্ষা ছিল কবে খুলবে শিল্পকলা। হল খুলে দেওয়ার পর থেকে একে একে নতুন ও পুরনো প্রযোজনা নিয়ে ফিরছে নাট্যদলগুলো। আজ মঞ্চায়ন হবে প্রাঙ্গণেমোরের নাটক ‘কনডেম সেল’। বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে নাটকটি। নাটকটি রচনা করেছেন অনন্ত হিরা ও নির্দেশনা দিয়েছেন আউয়াল রেজা। কনডেমড সেল দলটির ১০ম প্রযোজনা। এতে অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, জাহিদুল ইসলাম, মাইনুল তাওহীদ, সবুগীন শুভ, শুভেচ্ছা, তুহিন, সুজন, প্রীতি, সুজয় ও প্রকৃতিসহ আরো অনেকে। নাটকের ঘটনা প্রবাহ এবং সকল চরিত্র কাল্পনিক।
অন্যদিকে এবার নতুন প্রযোজনা নিয়ে আসছে নাট্যদল ঢাকা থিয়েটার। এরমধ্য দিয়ে দীর্ঘ ছয় বছর পর আবারও মঞ্চ নির্দেশনা দিচ্ছেন শহীদুজ্জামান সেলিম। ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ নামের নাটকটির নির্দেশনায় রয়েছেন তিনি এবং এর নাট্যকার আনন জামান। নাটকটির মঞ্চ পরিকল্পনায় আফজাল হোসেন, পোশাক পরিকল্পনায় রোজী সিদ্দিকী এবং আলো পরিকল্পনায় রয়েছেন ওয়াসিম আহমেদ। আজ ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূলমঞ্চে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন।
