সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনবার জাতীয় পুরস্কার প্রাপ্ত ভাওইয়া গানের শিল্পী ও ঠাকুরগাঁও বেতারের নিয়মিত শিল্পী বোদা উপজেলার উদয়ন সংগীত বিদ্যালয়ের পরিচালক স্মরণিকা বিশ্বাস (৪০)। গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কবিরাজ হাট নামক স্থানে তার প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সঙ্গে ধাক্কা লাগে স্বামী, শিশু পুত্র ও তিন মেয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রমেক হাসপাতালে নেওয়ায় হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্মরণিকা। আহতদের মধ্যে মেয়ে চ্যানেল আই খুদে গানরাজ তারকা তিলোত্তমাকে আইসিইউতে রাখা হলে বৃহস্পতিবার তার জ্ঞান ফেরে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্মরণিকা নিজ বাড়ি পঞ্চগড়ের বোদা বাজারের থানা পাড়া হতে দুর্গা পূজার ছুটি কাটিয়ে গত বুধবার পরিবারসহ স্বামীর কর্মস্থল রংপুরে উদ্দেশ্যে আসার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন। বৃহস্পতিবার বোদা পৌর শ্মশান ঘাটে তার দাহ করা হয়।
এদিকে স্মরণিকার মৃত্যুতে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিককর্মীসহ সুশীল সমাজের মধ্যে শোক বিরাজ করছে। তার মৃত্যুতে উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী, উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র অ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, জাসদ কেন্দ্রীয় নেতা এমরান আলম আমিন, বোদা উপজেলা প্রেসক্লাব সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।
ইত্তেফাক/এসি
