লম্বা একটা সময় আইসিসি অলিম্পিকে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করেনি। এতে নিজেদের লাভের চেয়ে লোকসানই বেশি দেখেছে তারা। কিন্তু ইদানিং ইউরোপ, আমেরিকা ও চীনে খেলাটির প্রসারের জন্য অলিম্পিককে নতুন করে লক্ষ্য করেছে আইসিসি। এই লক্ষ্যে তারা কিছু কাজও শুরু করেছে। সর্বশেষ আইসিসি সবগুলো সদস্য রাষ্ট্রকে একটি ফরম পাঠিয়েছে। সেখানে তারা জানতে চেয়েছে, ক্রিকেট অলিম্পিকে অন্তর্ভুক্ত হলে ঐ দেশটির সরকার কী ধরনের অর্থ সাহায্য করতে পারে। এই ফরমটি ২ নভেম্বরের মধ্যে আইসিসির কাছে ফেরত যাবে। এরপর তারা বিষয়টা নিয়ে আলাপ করবে। মূলত ইউরোপের দেশগুলোর সাড়া দেখতে চায় তারা। সাড়া ইতিবাচক হলে আইসিসি জোরদার করবে অলিম্পিকে ঢোকার চেষ্টা।
