গত কিছু দিন ধরে অস্ট্রেলিয়া বেশ কয়েক জন তরুণ ক্রিকেটারকে নিয়ে উচ্ছ্বসিত। এর মধ্যে সবচেয়ে আলোচনায় আছেন ক্যামেরন গ্রিন। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার সাবেক গ্রেট গ্রেগ চ্যাপেল বলেছেন, পন্টিংয়ের পর সবচেয়ে বড় প্রতিভা এই গ্রিন। ২১ বছর বয়সি এই অলরাউন্ডারকে এবার ভারতের বিপক্ষে সীমিত ওভারের দলে ডাকা হয়েছে।
ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে আরেকটি চমক হেনরিক মোইজেস। প্রায় তিন বছর আগে শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই খেলোয়াড় ডাক পেয়েছেন মিশেল মার্শ না থাকায়।
তবে সবচেয়ে বড় খবর অবশ্য গ্রিনের ডাক পাওয়াই। ১৭ বছর বয়সে শেফিল্ড শিল্ডে অভিষেকে ৫ উইকেট নিয়েছিলেন তিনি ২০১৭ সালে। পরে ক্রমেই সাড়া ফেলেছেন তার ব্যাটিং প্রতিভা দিয়ে। গত সপ্তাহেই শেফিল্ড শিল্ডের ম্যাচে খেলেছেন ১৯৭ রানের ইনিংস।
