এই সময়ের ছড়া

ঘ্যাচাং করে

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২১:৫৩

এই তো সেবার কাপ্তাই গেছি

পাহাড়ি বুনো হাতি দেখেছি

আকাশ ছোঁয়া শাল-সেগুনের বন

মন ভুলাতে চোখ জুড়াতে

দেশ-বিদেশের আসে কত লোকজন

 

কিন্তু একি দেখলাম গিয়ে এবারে

প্রকৃতি মাতার সম্পদ যত

করছে লোপাট যে পারে

উধাও পাহাড় বনজঙ্গল

নেই কোত্থাও হাতি দঙ্গল

নেই বনবাসী পশুপাখি সব

কোথায় কূজন—সেই কলরব

 

নির্বিচারে গিলছে যারা

ভাবছে কি কেউ নিজকে ছাড়া

হচ্ছে ভারী পোটলা পকেট

জন-জনতা আস্ত গবেট

 

কে আর এখন তাদের পায়

ঠিক বলছি বুঝবে তখন

ঘ্যাচাং করে পড়বে যখন

নিজের কুড়োল নিজের পায়!