শব্দ রসায়ন থ

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২১:৫৫

 

হতভম্ব। অভিভূত। স্তম্ভিত। অবাক

 

কোনো কারণে আমরা যখন থ মেরে যাই কিংবা থ হয়ে পড়ি, তখন আমরা অনেক কিছু হই; যেমন অভিভূত, কিংকর্তব্যবিমূঢ়, হতভম্ব, স্তম্ভিত, নির্বাক, অবাক ইত্যাদি।

প্রচুর অর্থ বহন করলেও আমরা জানি থ একটি বর্ণও বটে। থ হলো ব্যঞ্জন বর্ণমালার সপ্তদশ এবং ত বর্গের দ্বিতীয় বর্ণ। কিন্তু আমরা যখন থ হই, তখন আমরা বর্ণমালার থ হই না। আমরা যে থ হই তা আমাদের শব্দভাণ্ডারের একটি শব্দ এবং সেই থ শব্দটির অর্থ হলো পর্বত।

পর্বত অর্থে থ শব্দের ব্যবহার অন্ত্যমধ্যযুগের বাংলা কবিতায় শেষবারের মতো দেখতে পাওয়া যায়। তারপর থেকে শুরু হয় থ শব্দের উপমাঘটিত প্রয়োগ। আমরা ঘটনাচক্রে পড়ে অতি সংক্ষেপে থ হওয়া শিখি। এই শিক্ষাটা আমরা পাই থ অর্থাত্ পর্বতের নিকট থেকে।

থ যেমন নিশ্চল-নিশ্চুপ হয়ে থাকে, থ-এর এই ভাবটিই আমরা গ্রহণ করি বিশেষ পরিস্থিতিতে—যখন আমাদের মুখে আর কথা সরে না। থ স্বাভাবিকভাবেই মৌন ও নিশ্চল থাকে। আর আমরা বাধ্য হয়ে থ-রূপ ধারণ করে থ হয়ে যাই।

 

সূত্র : বাংলা শব্দের উত্স অভিধান/ফরহাদ খান